কালবেলা · সাধারণ
নাটোরের দুর্ঘটনায় নিহত বাবা-মেয়ের দাফন বাড়ির আঙিনায়
২১/১০/২০২৬

নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাংক কর্মকর্তা শহীদুল ইসলাম ও তার শিশু কন্যা ফারহানা তাসফিয়ার জানাজা শেষে পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে মির্জাগঞ্জ ইয়ার উদ্দিন খলিফা (র.) দরবার শরিফ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীসহ উপজেলা বিএনপির স্থানীয় নেতারা, উপজেলা প্রশাসন, স্থানীয় পূবালী ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজা আগে প্রয়াত ব্যাংক কর্মকর্তা মো. শহীদুল ইসলামের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক মো. জাফর ইমাম সিকদার, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা মো. সিরাজুল হক, বিএনপি নেতা মো. ফিরোজ আলম গোলদার, ব্র্যাক ব্যাংক রিজিওনাল ক্রেডিট হেড মো. মাসুম মিয়া, পূবালী ব্যাংক পিএলসি বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আবু সুফিয়ান ও প্রয়াত শহীদুল ইসলামের বড় ভাই মো. ফারুক হোসেন হাওলাদার প্রমুখ।
নিহত শহীদুল ইসলামের স্ত্রী ও একমাত্র ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, চলতি দুর্গাপূজার ছুটিতে রাজশাহীতে বোনের বাড়িতে যাওয়ার পথে মঙ্গলবার ভোর ৫টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ও তার শিশু কন্যা ফারহানা তাসফিয়াসহ ১৪ যাত্রী নিহত হন। এতে তার স্ত্রী রুবিনা আক্তার ও একমাত্র ছেলে ফারহান তাজওয়ান লাবিবসহ প্রায় ৩০ নারী-পুরুষ যাত্রী আহত হন।
দুর্ঘটনাস্থল থেকে আহত রুবিনা আক্তার ও ছেলে ফারহান তাজওয়ান লাবিবকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন দুপুরের পর তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মূল প্রতিবেদনে যান ↗