সূর্যবংশীর ‘বৈভবে’ মুগ্ধ আসমুদ্রহিমাচল। মাত্র ১৫ বছর বয়সে তাঁর ব্যাটিং বিস্ময় জাগাচ্ছে গোটা ক্রিকেট বিশ্বে। বীরেন্দ্র শেহওয়াগের মতো প্রাক্তনরাও মুগ্ধ বৈভবে। তবে এখনও টিম ইন্ডিয়ার হেডকোচ গৌতম গম্ভীর তথা টিম ম্যানেজমেন্টের আস্থা হয়তো পুরোপুরি জিততে পারেনি টিম ইন্ডিয়ার বিস্ময় কিশোর। গম্ভীরের অধীনে সেভাবে সুযোগই পাচ্ছে না সে। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চার ম্যাচ হয়ে গেল, একটাতেও সুযোগ দেওয়া হয়নি। পঞ্চম ম্যাচও পাবেন কিনা নিশ্চিত নয়। এরই মধ্যে সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট্ট দুই শব্দের একটি স্টোরি পোস্ট করেছে ১৫ বছরের ওপেনার। তাতে ইংরাজিতে লেখা, ‘স্টিল বিলিভিং’ অর্থাৎ এখনও বিশ্বাস রাখছি। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছে বৈভব। অর্থাৎ দুই শব্দের ওই পোস্টে বৈভব বোঝাতে চেয়েছে, দলে সুযোগ না পেলেও সেভাবে হতাশ নয় সে। কোচ গম্ভীর যতই এখন তাকে নিয়মিত সুযোগ দিতে না চান, সে আশা ছাড়বে না।
আইপিএল মাতিয়ে উত্থান। এরপর টিম ইন্ডিয়ায় ডাক। অনেকেই অপেক্ষা করে থাকেন ১৫ বছর বয়সি ব্যাটারের তাণ্ডব দেখার জন্য। কিন্তু দেশের নীল জার্সিতে সেই সুযোগ খুব একটা হচ্ছে না। এখনও পর্যন্ত ‘বেবি বস’ ভারতের হয়ে ৮টা ম্যাচ খেলেছে। তার মধ্যে পাঁচটা ম্যাচ ভিভিএস লক্ষ্মণের কোচিংয়ে- এশিয়ান গেমসে ও জিম্বাবোয়ে সিরিজে। গম্ভীরের কোচিংয়ে মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েছে বৈভব। এই আট ম্যাচে ১৮৬ স্ট্রাইক রেটে ২৪৬ রান করেছে সে।
Vaibhav Suryavanshi story ahead of 5th & final T20Is against West Indies. https://t.co/cfZfZi0uSw
— Cricket Central (@CricketCentrl) October 16, 2026
কোচ গম্ভীরের সাফ কথা, “হ্যাঁ জানি, ও দারুণ ফর্মে আছে। কিন্তু আমি ওকে বেশ কয়েকবার কথা বলে বুঝিয়েছি। অনেক প্লেয়ার দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়েছে, তাঁরা ভালো খেলছে। ওকেও সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। আজ যদি বৈভবকে খেলাই, তাহলে অভিষেক বা সঞ্জুর সঙ্গে অবিচার হবে। যাঁরা গত দেড়-দুই বছর ধরে দলকে জেতাচ্ছে, আজ ৩-৪ ম্যাচে ব্যর্থ হলে তাঁদের বসিয়ে দিতে পারি না। তাতে সামনে যতই ফর্মে থাকা তরুণ ক্রিকেটার থাকুক না কেন।”
