ভাইরাস সংক্রমণের ধকল কাটিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই ফের অসুস্থ হয়ে পড়েছেন বায়ার্ন মিউনিখের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি।
শুক্রবার (২৩ অক্টোবর) অনুশীলনের সময় অসুস্থ বোধ করায় জরুরি চিকিৎসকের সহায়তায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মিউনিখের একটি হাসপাতালে নেওয়া হয়।
জার্মান সংবাদমাধ্যম স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতালে তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে।
৪০ বছর বয়সী বেলজিয়ান এই কোচ গত এক সপ্তাহ ধরে তীব্র ভাইরাল সংক্রমণে ভুগছিলেন। অসুস্থতার কারণে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলন ও শেষ অনুশীলনেও উপস্থিত থাকতে পারেননি তিনি। এর আগে আরবি লাইপজিগের বিপক্ষে ম্যাচ চলাকালে শারীরিক অসুস্থতার কারণে তাকে অফিসের ভেতরে সোফায় শুয়ে থাকতে হয়েছিল।
সংক্রমণের কারণে পুরোনো টিস্যুতে জটিলতা দেখা দেওয়ায় স্বাভাবিক চলাফেরাও কঠিন হয়ে পড়েছিল কোম্পানির জন্য। এমনকি সিঁড়ি দিয়ে ওঠানামা করতেও সমস্যায় পড়ছিলেন তিনি। তারপরও অসুস্থতা উপেক্ষা করে গত বুধবার আর্সেনালের বিপক্ষে বায়ার্নের ডাগআউটে দাঁড়ান কোম্পানি। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ম্যাচ শেষে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে কোম্পানি স্বীকার করেন, শরীরের সংকেত উপেক্ষা করে তিনি নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিলেন।
শুক্রবার বায়ার্নের সাবেনার স্ট্রাস ট্রেনিং ফ্যাসিলিটিতে দ্বিতীয় দলের অনুশীলন পর্যবেক্ষণ করার সময় ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় জরুরি চিকিৎসক ও এয়ার অ্যাম্বুলেন্সের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এদিকে কোম্পানির অসুস্থতার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানায়, দ্বিতীয় দলের অনুশীলন চলাকালে অসুস্থ হয়ে পড়ায় প্রধান কোচের চিকিৎসার প্রয়োজন হয়। হাসপাতালে তার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং তিনি চিকিৎসাধীন থাকবেন।
ক্লাবটির ক্রীড়া বিভাগের বোর্ড সদস্য ম্যাক্স এবার্ল জানিয়েছেন, কোম্পানির সুস্থ হয়ে ওঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এবার্ল বলেন, ‘কোম্পানি প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। সুস্থ হতে তার যতটা সময় প্রয়োজন, তাকে সেই সময় দেওয়া হবে। তার কোচিং স্টাফের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। বায়ার্নের সবাই ভিনিকে দ্রুত সুস্থ হয়ে ওঠার শুভকামনা জানাচ্ছে।’
কোম্পানির শারীরিক অবস্থার দিকে এখন নজর রাখছে বায়ার্ন কর্তৃপক্ষ। চিকিৎসা শেষে কবে তিনি আবার স্বাভাবিকভাবে দলের দায়িত্বে ফিরতে পারবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
