চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় দেশে ডাকাতি, দস্যুতা, খুন, চুরি, দাঙ্গা, নারী ও শিশু নির্যাতন এবং অপহরণের ঘটনা কমেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০২৫ ও ২০২৬ সালের আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে দেশে ২ হাজার ৬৫৯টি খুনের ঘটনা ঘটেছে। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ২ হাজার ৯১৩। অর্থাৎ, এক বছরের ব্যবধানে খুনের ঘটনা কমেছে ২৫৪টি।
একই সময়ে ডাকাতির ঘটনা ৫৩৮টি থেকে কমে ৩৮৭টিতে দাঁড়িয়েছে। দস্যুতার ঘটনা ১ হাজার ৪৮৩টি থেকে কমে হয়েছে ১ হাজার ৩৭৪টি। এ ছাড়া গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে দাঙ্গার ঘটনা ছিল ৬২টি, যা চলতি বছরের একই সময়ে কমে ১৭টিতে দাঁড়িয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, নারী নির্যাতনের ঘটনাও কমেছে। ২০২৫ সালের প্রথম নয় মাসে নারী নির্যাতনের ঘটনা ছিল ৯ হাজার ২৬২টি। চলতি বছরের একই সময়ে তা কমে হয়েছে ৮ হাজার ১৭৮টি। অর্থাৎ, নারী নির্যাতনের ঘটনা কমেছে ১ হাজার ৮৪টি।
শিশু নির্যাতনের ঘটনাও কমেছে। গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এ ধরনের ঘটনা ছিল ৩ হাজার ৫৯১টি। চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৫১টিতে। অন্যদিকে, অপহরণের ঘটনা ৮১২টি থেকে কমে ৭৬৯টিতে নেমেছে।
তিন মাসের হিসাবেও কমেছে অপরাধ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জুলাই-সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানেও অপরাধের বিভিন্ন সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। চলতি বছরের এই তিন মাসে দেশে ৮৮১টি খুনের ঘটনা ঘটেছে, যেখানে গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৯৮০। অর্থাৎ, খুনের ঘটনা কমেছে ৯৯টি।
একই সময়ে ডাকাতির ঘটনা ১৭১টি থেকে কমে ১২৩টিতে এবং দস্যুতার ঘটনা ৫১১টি থেকে কমে ৪৬৭টিতে নেমেছে। চুরির ঘটনাও কমেছে। গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে চুরির ঘটনা ছিল ২ হাজার ৬৯৩টি, চলতি বছরের একই সময়ে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৫৭৬টিতে।
এ ছাড়া শিশু নির্যাতনের ঘটনা ১ হাজার ৪৩২টি থেকে কমে ১ হাজার ২৩৮টিতে নেমেছে। অপহরণের ঘটনাও ২৯৫টি থেকে কমে হয়েছে ২৪২টি। দাঙ্গার ঘটনা গত বছরের একই সময়ে ৯টি থাকলেও চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে তা কমে ৫টিতে দাঁড়িয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাস এবং জুলাই-সেপ্টেম্বর—উভয় সময়ের হিসাবেই উল্লেখযোগ্য কয়েকটি অপরাধের ঘটনা গত বছরের তুলনায় কমেছে।
