শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের সময় দেওয়া বক্তব্যের অংশ নিয়ে বিতর্কের প্রেক্ষিতে দুঃখপ্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের এ অবস্থানের কথা জানান তিনি।
আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে আমার বক্তব্যের কিছু অংশের কয়েকটি বাক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আপনারা অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনি এলাকা লক্ষ্মীপুর-৪ এর রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা, সুশীল সমাজ, তরুণ-তরুণীরা, আমার বিপক্ষ দলের রাজনৈতিক নেতারা এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার বক্তব্যের যে অংশটুকু আসলে ধর্মীয়ভাবে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়, সে অংশটুকুর জন্য আমি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছেও দুঃখপ্রকাশ করছি।’
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে বর্তমানে সৌদি আরবের মদিনায় থাকা এই সংসদ সদস্য বলেন, ‘এই পবিত্র স্থানে এসে আমি কায়মনোবাক্যে দোয়া করি, আল্লাহ যেন আমার ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করে। মহান আল্লাহ যেন আমাকে সকলের কল্যাণে সর্বদা নিয়োজিত রাখে, আপনাদের কাছে সে দোয়া চাই।’
