দক্ষিণী ছবির গণ্ডি পেরিয়ে হিন্দি ছবিতেও কাজের প্রস্তাব পান রশ্মিকা মন্দানা। হিন্দি উচ্চারণে দক্ষিণ ভারতীয় টানের জন্য কটাক্ষের শিকার অভিনেত্রী। নেটভুবনের এই সমালোচনা যদিও রশ্মিকাকে বিশেষ প্রভাবিত করে না। তাঁর স্পষ্ট যুক্তি, দক্ষিণ ভারতীয় মেয়ে হিসেবে কথায় দক্ষিণ ভারতীয় টান থাকাটাই স্বাভাবিক। সোশাল মিডিয়ায় দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দানার এহেন অপমান মোটেই মেনে নিতে পারেননি প্রবীন গীতিকার জাভেদ আখতার। কিন্তু, প্রতিবাদী হতে গিয়ে নিজেই খাল কেটে কুমীর আনলেন!
রশ্মিকা মন্দানাকে তামিল অভিনেত্রী বলেই সমাজমাধ্যমে হাসির খোরাক জাভেদ। কর্নাটকের কোডাগু অঞ্চলের মেয়ে রশ্মিকা। কন্নড় অভিনেত্রী হিসেবেই পরিচিত, বেশ কিছু তেলুগু ছবিতেও কাজের সংখ্যা উল্লেখযোগ্য। তাঁকে তামিল অভিনেত্রী বলে সম্বোধন করে বিপাকে বর্ষীয়ান গীতিকার।জাভেদ আখতার যে স্পষ্টবক্তা, যে কোনও ইস্যুতে বুক ঠুকে নিজের মতামত জানান। রশ্মিকার সমর্থনে এক্স হ্যান্ডলের পোস্টে নিন্দুকের মুখে ঝামা ঘষে জাভেদের চ্যালেঞ্জ, যাঁরা রশ্মিকার উচ্চারণ নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদেরও অন্য ভাষায় কথা বলার দক্ষতা যাচাই করা উচিত।
এক্স হ্যান্ডলের বক্তব্য অনুযায়ী, ‘তামিল অভিনেত্রী রশ্মিকার উচ্চারণ নিয়ে যাঁদের সমস্যা রয়েছে তাঁদের কয়েকটি তামিল লাইন বলতে দেওয়া উচিত। তামিল পৃথিবীর প্রাচীনতম কথ্য ভাষা। দেখা যাক, তাঁরা নিজেরা কতটা ভালোভাবে সেই ভাষার উচ্চারণ করতে পারেন। এধরনের ভুয়ো ও ভিত্তিহীন ভাষাগত শ্রেষ্ঠত্বের মনোভাব কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ ভাষার ভিত্তিতে কাউকে কটাক্ষ করার বিরুদ্ধে জাভেদের এই বক্তব্যকে অনেকেই সমর্থন করেছেন।
Those who have any problem with the pronounciation of Tamil actor Rashmika should be given a few lines of Tamil which is the oldest spoken language in the world and let’s see how well they pronounce Tamil . This fake and baseless linguistic superiority is not acceptable.
— Javed Akhtar (@Javedakhtarjadu) October 25, 2026
তবে রশ্মিকাকে তামিল অভিনেত্রী সম্বোধন করতেই ভুল সংশোধনে একেবারে ধেয়ে এসেছে সোশালপাড়ার সদস্যরা। নেটিজেনরা মনে করিয়ে দেন, রশ্মিকা কর্নাটকের কোডাগু অঞ্চলের বাসিন্দা এবং তিনি কন্নড়, তেলুগু-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষার ছবিতে অভিনয় করেছেন। এক নেটিজেন লেখেন, ‘উনি কর্নাটকের কোডাগুর মেয়ে। দক্ষিণ ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।’ নেটপাড়ার অপর এক সদস্যের পরামর্শ, ‘জাভেদ স্যার, রশ্মিকা তামিল অভিনেত্রী নন। তিনি তেলুগু ছবিতেই সবচেয়ে বেশি কাজ করেছেন। দয়া করে বিষয়টি সংশোধন করুন।’
