ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ এবার জায়গা করে নিচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের স্পেন ও অ্যান্ডোরা অঞ্চলের একচেটিয়া সম্প্রচারস্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। নেটফ্লিক্স জানিয়েছে, টুর্নামেন্টের ১০৪টি ম্যাচই সরাসরি দেখানো হবে তাদের প্ল্যাটফর্মে। পুরুষদের বড় কোনো আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা স্পেনে সম্প্রচারের ক্ষেত্রে এটিই নেটফ্লিক্সের প্রথম উদ্যোগ।
এই চুক্তির মধ্য দিয়ে সরাসরি ক্রীড়া সম্প্রচারের বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করার পথে এগোল নেটফ্লিক্স। এত দিন চলচ্চিত্র, সিরিজ ও প্রামাণ্যচিত্রের জন্য পরিচিত প্ল্যাটফর্মটি ধীরে ধীরে সরাসরি খেলার সম্প্রচারেও বিনিয়োগ বাড়াচ্ছে। বিশ্বকাপের মতো বৈশ্বিক জনপ্রিয় আসরের স্বত্ব পাওয়া সেই কৌশলেরই বড় পদক্ষেপ।
তবে স্পেনের দর্শকদের জন্য বিশ্বকাপ দেখার সুযোগ কেবল সাবস্ক্রিপশননির্ভর রাখছে না নেটফ্লিক্স। চুক্তি অনুযায়ী, স্পেনে প্রতিটি ম্যাচের দিনের অন্তত একটি ম্যাচ বিনা মূল্যে দেখার ব্যবস্থা থাকবে। পাশাপাশি দেশটির একটি জাতীয় ফ্রি-টু-এয়ার টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা হবে স্পেনের সব ম্যাচ, দুটি সেমিফাইনাল ও ফাইনাল। কোন টেলিভিশন চ্যানেল এই স্বত্ব পাবে, তা এখনো জানানো হয়নি। অ্যান্ডোরার দর্শকেরা নেটফ্লিক্সে দেখতে পারবেন টুর্নামেন্টের সব ম্যাচ।
শুধু মাঠের খেলা দেখিয়েই দায়িত্ব শেষ করতে চায় না নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটির পরিকল্পনায় রয়েছে ম্যাচের আগে ও বিরতিতে বিশেষ অনুষ্ঠান, খেলা শেষে বিশ্লেষণ এবং প্রতিদিনের ম্যাচের সারসংক্ষেপ। স্পেনের দর্শকদের রুচি ও ফুটবল সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে এসব অনুষ্ঠান সাজানো হবে। টুর্নামেন্ট শুরুর আগেও প্রচার করা হবে বিশেষ আয়োজন।
২০৩০ বিশ্বকাপের গুরুত্বও অন্য আসরের চেয়ে আলাদা। বিশ্বকাপের শতবর্ষ পূর্তি উপলক্ষে এবারের প্রতিযোগিতার মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতেও অনুষ্ঠিত হবে কয়েকটি ম্যাচ। ১৯৩০ সালে উরুগুয়েতে বসেছিল প্রথম বিশ্বকাপের আসর। এক শতাব্দী পর সেই স্মৃতিকে সামনে রেখেই বিশেষ আয়োজন করছে ফিফা।
বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পাওয়ার মাধ্যমে ফিফার সঙ্গেও সম্পর্ক আরও বিস্তৃত হলো নেটফ্লিক্সের। এর আগে যুক্তরাষ্ট্র ও কানাডায় ২০২৭ ও ২০৩১ নারী বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া বিভিন্ন সময়ে এনএফএল, এমএলবি, ডব্লিউডব্লিউই, বক্সিং ও মিক্সড মার্শাল আর্টসের মতো ক্রীড়া আয়োজনও যুক্ত হয়েছে তাদের সরাসরি সম্প্রচারের তালিকায়।
২০৩০ বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের আর্থিক অঙ্ক অবশ্য প্রকাশ করেনি নেটফ্লিক্স। তবে এই চুক্তি স্পষ্ট করে দিচ্ছে, বড় ক্রীড়া আসরের দর্শক টানতে এখন আর শুধু প্রচলিত টেলিভিশন সম্প্রচারকদের ওপর নির্ভর করছে না বিশ্ব ক্রীড়া সম্প্রচারের বাজার। স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোও সেই প্রতিযোগিতায় বড় শক্তি হয়ে উঠছে।
