সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অভিযান চালিয়ে এক লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৯টি চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালগুলো উদ্ধার করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
