শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারী উদ্যোক্তা ও সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে তিনি এ পরিদর্শন করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত তিনি চাঁদপুর পৌরসভার পুরান বাজারের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় পূজারি, মণ্ডপ কমিটির কর্মকর্তা ও ভক্তদের সঙ্গে তিনি শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্বামী, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আশিক খান।
শুভেচ্ছা বিনিময়কালে তানিয়া ইশতিয়াক বলেন, “বাংলাদেশ চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আমরা যেভাবে গভীর আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উদ্যাপন করি, ঠিক তেমনি আপনারাও আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা পূর্ণ আনন্দ, স্বাচ্ছন্দ্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করবেন-এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যই সমাজের মূল চালিকাশক্তি। সব ধর্মের মানুষ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে, নিরাপদ ও সুন্দর পরিবেশে উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ও প্রগতিশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন এই মেলবন্ধন নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা তানিয়া ইশতিয়াক ও আশিক খানের আগমনকে সাধুবাদ জানান এবং তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিআলো/শিলি