শারদীয়া দুর্গোৎসবের মহা নবমীতে ঢাকার বাইরের পূজামণ্ডপ দেখতে রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে প্রধানমন্ত্রী রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে।
এদিন বেলা ১১টায় রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং পূণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।
শারদীয়া দুর্গাপূজার মহানবমীতে তিনি রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপসমূহ পরিদর্শন করবেন। তিন মহানগরে পূজামণ্ডপ দেখে রাতে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী সফরে সঙ্গে রয়েছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমূখ।
কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর রাধা গোবিন্দ মন্দিরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করে সাড়ে ১২টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ১৫ মিনিটে শাহ মখুদুম বিমানবন্দর থেকে রাজশাহীর ধর্মসভা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন, ২টা ১৫ মিনিটে রাজশাহী সার্কিট হাউজে যাত্রাবিরতি, বিকেল ৩টায় রাজশাহীর হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় যোগদান করবেন প্রধানমন্ত্রী।
পরে বিকেল ৪টায় ১৫মিনিটে শাহ মখদুম বিমানবন্দর থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এদিন বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেএম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে যাত্রাবিরতি করবেন সরকারপ্রধান।
এর পর রাত ৭টা ৪৫ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। রাত ৯টা ১৫ মিনিটে তার তেজগাঁও বিমানবন্দরের অবতরণের কথা রয়েছে।
