“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
(১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।দিবসটি উপলক্ষে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও করণীয় তুলে ধরে মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এমএ হান্নান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যরা।
বক্তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতির চর্চা শুরু করা প্রয়োজন। কর্মসূচির মাধ্যমে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
The post নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, মহড়া ও আলোচনা সভা appeared first on ভোরের চেতনা.
