বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল (১৪ অক্টোবর) বেলা ১১ টায় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার রাতে জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ অধিশাখা-২) সাইদুজ্জামান সাঈদের পাঠানো বার্তায় এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
সালাহউদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এম.পি এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এম.পি।
