মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায়, তাই বোঝেন না মানুষের কষ্ট: পাটোয়ারী
বাজারে নিত্যপণ্যের চড়া দামে সাধারণ মানুষ কষ্টে থাকলেও অনেক রাজনৈতিক নেতা সেই দুর্ভোগ উপলব্ধি করতে পারেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। মন্ত্রী-এমপিদের কেনাকাটা অবৈধ টাকায় হয় বলেও অভিযোগ করেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটোয়ারী।
তিনি বলেন, অনেক রাজনৈতিক নেতা নিজেরা বাজারে যান না; অন্যরা তাঁদের হয়ে কেনাকাটা করেন। ফলে নিত্যপণ্যের দাম ও সাধারণ মানুষের কষ্ট সম্পর্কে তাঁদের যথাযথ ধারণা থাকে না। বাজারে গিয়ে পণ্য কিনতে গেলে নিজেরাই দেখছেন, অনেক পণ্য ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে দরিদ্র মানুষের অবস্থা আরও কঠিন বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির পুনর্গঠিত কমিটি আগামী দিনের আন্দোলনের প্রস্তুতির অংশ উল্লেখ করে পাটোয়ারী বলেন, অতীতে অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাজপথে নেমেছে, ভবিষ্যতেও প্রতিবাদ করবে। নির্বাচনের পর সরকার দলীয়করণ বন্ধ, মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যের দাম রাখা এবং জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
বিএনপি সরকারের সমালোচনা করে এই এনসিপি নেতা বলেন, সরকারের জবাবদিহি নিশ্চিত করা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবিতে তাঁরা মাঠে নেমেছেন। তাঁর ভাষ্য, ধনী-গরিব নির্বিশেষে সবার দাবি—পেট ভরে খাওয়া, সুস্থভাবে বেঁচে থাকা এবং প্রয়োজনীয় পণ্য ক্রয়ক্ষমতার মধ্যে পাওয়া।
পাটোয়ারী জানান, ঢাকা শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে মানুষের কাছে যাবেন তাঁরা। আগামী এক সপ্তাহের মধ্যে গণবিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে।
জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এনসিপিতে যোগ দেওয়া নয়, বরং নিজেদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কর্মসংস্থান ও পণ্যের দাম নিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং জবাবদিহি নিশ্চিত করতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
পথসভায় এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
