অনলাইন ডেস্ক
দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। নতুন এই দাম রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বৃদ্ধির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন দামে ২১ ক্যারেটের সোনা প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে কয়েক দফা দাম ওঠানামার পর আবারও সোনার বাজারে ঊর্ধ্বগতি দেখা গেল। তবে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
