গাজীপুরকে ৩০ বছর পিছিয়ে দেওয়ার আশঙ্কা, দ্রুত আধুনিক গণপরিবহন চালুর দাবি।
স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ গাজীপুরে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাতিলের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরীর ভোগড়া বাইপাস এলাকায় সচেতন নাগরিক ঐক্য, গাজীপুরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত গাজীপুরের যোগাযোগব্যবস্থা ও নগর উন্নয়নকে কয়েক দশক পিছিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। দীর্ঘদিন ধরে যানজট, যাতায়াতের দুর্ভোগ ও কর্মঘণ্টা নষ্ট হওয়ার সমস্যায় জর্জরিত। গাজীপুরের মানুষের জন্য আধুনিক, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত জরুরি। এ অবস্থায় প্রকল্প বাতিলের পরিবর্তে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুত কার্যকর ও টেকসই পরিবহনব্যবস্থা চালুর দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, গণপরিবহন অবকাঠামো উন্নয়নে সরকারের বিপুল বিনিয়োগের সুফল যেন সাধারণ মানুষ পায়, তা নিশ্চিত করতে হবে। যাত্রীদের জন্য নিরাপদ, দ্রুত, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য পরিবহনব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নারী, প্রবীণ ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াতবান্ধব পরিকল্পনা গ্রহণ করতে হবে।
তাঁরা বলেন, গাজীপুরের যানজট নিরসন ও পরিবহন সংকট মোকাবিলায় কোনো অপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। এ বিষয়ে বিশেষজ্ঞ, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি, নাগরিক সমাজ ও স্থানীয় জনগণের মতামত নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন এবং তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গত ১৪ বছরে পরিবহনসংকট ও সংশ্লিষ্ট অব্যবস্থাপনার কারণে জনদুর্ভোগ এবং প্রাণহানির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানান তাঁরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান, বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর মহানগর সদর মেট্রোর সভাপতি মুফতি মাহবুব আশরাফী, গাজীপুর জেলা এনসিপির সদস্যসচিব আবুল কাশেম শিকদার, গাজীপুর মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক আনিস খান, মহানগর যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, জ্যেষ্ঠ মুখ্য সংগঠক সাকিল সরদার, সদর মেট্রো এনসিপির সদস্যসচিব রেদোয়ানুল হক, মহানগর যুবশক্তির সংগঠক শাকিল আহমেদ এবং বিসিবির সাবেক কাউন্সিলর ইমরান হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
