ছবি: খবরের কাগজ
-->নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার দায় প্রশাসন এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন নাটোরের সংবাদকর্মীরা।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে আয়োজিত এক মানববন্ধনে ওই দাবি করা হয়।
তাদের দাবি, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। অথচ তার নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক নাসিম উদ্দিন নাসিম, রেজাউল করিম রেজা, পরিতোষ অধিকারী, সুফি সান্টু, আল মামুন, বুলবুল আহমেদ, নাজমুল হাসান, হালিম খান, মাহবুব হোসেন ও দেবাশীষ কুমার সরকার।
বক্তারা দাবি করেন, সত্য প্রকাশের জেরে সাংবাদিক আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। এটা রাষ্ট্রের জন্যও অশনি সংকেত। এমন অবস্থা চলতে থাকলে সমাজের দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের সঙ্গে জড়িতরা আরও বেপরোয়া হয়ে উঠবে যা রাষ্ট্র ও সরকারকে বহির্বিশ্বে বিতর্কিত করবে। এমন অবস্থায় দেশের স্থিতিশীলতা, আইনের শাসন ও সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে অনতিবিলম্বে সাংবাদিক আলিফ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
কামাল মৃধা/তামান্না রুপা/
