যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন অধ্যাপক আবুল হাসেম আর নেই। চিকিৎসাধীন অবস্থায় লন্ডনের কিংস কলেজ হাসপাতালে স্থানীয় সময় আনুমানিক রাত ১২টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
অধ্যাপক আবুল হাসেমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দীন ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এক শোকবার্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতবাসী করেন, সে জন্য দেশে-বিদেশে সবার কাছে দোয়া কামনা করেন।
এদিকে, অধ্যাপক আবুল হাসেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ওয়েলস শাখার সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক আব্দুল মালিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এক শোকবার্তায় তাঁরা মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুম অধ্যাপক আবুল হাসেমের জানাজার সময়সূচি পরে জানানো হবে।
ইএন/এসএ
