রমজান আলী
বৈশ্বিক জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রভাবের মধ্যে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরতে যশোরে লিফলেট বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের বড়বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেটে চাল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা মরিচ, আলু, চিনি, মাছ, মাংস ও ডিমসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়। এতে ২০২৪ ও ২০২৫ সালের বাজারদরের সঙ্গে বর্তমান দরের তুলনা করে কয়েকটি পণ্যের দাম কমার এবং কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকার তথ্য উল্লেখ করা হয়।
এ ছাড়া খাদ্য মূল্যস্ফীতি হ্রাস, সরকারি খাদ্যশস্যের মজুত বৃদ্ধি, কৃষকের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ এবং ওএমএস ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্যপণ্য বিতরণসহ সরকারের বিভিন্ন কার্যক্রমের তথ্য লিফলেটে তুলে ধরা হয়।
লিফলেটে উল্লেখ করা তথ্য অনুযায়ী, সরকারি খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত ও ভর্তুকিমূল্যে খাদ্যপণ্য বিক্রির উদ্যোগ সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে সরকারের বাজার ব্যবস্থাপনা, খাদ্য সরবরাহ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
