বিএনপির সংরক্ষিত মহিলা আসন-৩০২ এর সংসদ সদস্য অ্যাড. শিরীন সুলতানা বলেছেন, দেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যসব ধর্মের মানুষ বিএনপির কাছেই সবচেয়ে বেশি নিরাপদ। বিএনপি যখনই ক্ষমতায় থাকে, সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিশ্চিদ্র নিরাপত্তার সঙ্গে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন- ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। সব ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদী পৌর শহরের ‘শীতলা বাড়ি মন্দির’ প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাড. শিরীন সুলতানা।
বিশিষ্ট ব্যবসায়ী বাবু সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সভাপতি মোহসীন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন (প্রিন্স), জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন ও জেলা বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক দীপংকর সাহা রানা প্রমুখ ।
অ্যাড. শিরীন সুলতানা বলেন, আ.লীগের সময় সনাতন ধর্মাবলম্বীদের দিন কেটেছে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায়। এ বছর আপনারা শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে নিরাপদে উদযাপন করতে পারবেন। নিষিদ্ধ সংগঠনের সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষায় সরকার কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
তিনি বলেন, বিএনপির অভিধান কিংবা সংবিধানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ। সবাই বাংলাদেশের নাগরিক। সনাতন ধর্মাবলম্বী হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, উপজাতিসহ সবাই সমান অধিকার ভোগ করবে। ফ্যাসিস্ট আ.লীগের সময়ে সনাতন ধর্মাবলম্বীসহ অন্য ধর্মের মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছে। নিরাপদে পূজা উৎসব পালন করতে পারেনি। সংখ্যালঘু তকমা দিয়ে আ.লীগ এইসব ধর্মের মানুষের উপর নির্মম জুলুম নিপীড়ন চালিয়েছে।
অ্যাড. শিরীন সুলতানা আরো বলেন, দুর্গাপূজা হচ্ছে, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব, যা মূলত: অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের বিজয়ের প্রতীক।
তিনি বলেন, দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি একটি মহামিলনের উৎসব। দেবী দুর্গা মহাশক্তির প্রতীক। মহিষাসুর বধের মধ্য দিয়ে যেমন অশুভ শক্তির পতন ঘটেছিল, তেমনি আমাদের মধ্যেও যেন সব অন্যায়, ভেদাভেদ ও অকল্যাণ দূর হয়, আজকে এই শুভকামনা করছি।
অ্যাড. শিরীন সুলতানা শারদীয় দুর্গোৎসব উদযাপনকালে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতন্ত্র প্রহরী হয়ে দায়িত্ব পালন করার জন্য নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
