বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম অপর্ণা সেন। অভিনয়, চলচ্চিত্র পরিচালনা, সাংবাদিকতা ও সম্পাদনা; বহুমুখী প্রতিভায় ছয় দশকেরও বেশি সময় ধরে তিনি সমৃদ্ধ করেছেন শিল্পজগৎ। আজ ২৫ অক্টোবর, তাঁর ৮১তম জন্মদিন।
১৯৪৫ সালের এই দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন অপর্ণা সেন। মাত্র ১৫ বছর বয়সে সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’ সিনেমার ‘সমাপ্তি’ পর্বে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।
১৯৭৩ সালে মুক্তি পাওয়া ‘বসন্ত বিলাপ’ সিনেমার ‘আমি মিস ক্যালকাটা ১৯৭৬’ গানটি তাঁকে দর্শকদের কাছে আলাদা পরিচিতি এনে দেয়। পর্দায় তাঁর আধুনিক সাজপোশাক, আত্মবিশ্বাসী উপস্থিতি ও অভিনয় আজও দর্শকের মনে জায়গা করে আছে।
তবে অভিনেত্রী পরিচয়ের মধ্যেই থেমে থাকেননি অপর্ণা। ১৯৮১ সালে পরিচালনা করেন নিজের প্রথম সিনেমা ‘থার্টি সিক্স চৌরঙ্গি লেন’। ছবিটির জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালকের সম্মান পান।
পরবর্তী সময়ে ‘পরমা’, ‘পারমিতার এক দিন’, ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ এবং ‘১৫ পার্ক অ্যাভিনিউ’র মতো সিনেমায় নারীস্বাধীনতা, সম্পর্কের জটিলতা ও সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন তিনি। ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’ সিনেমার জন্যও সেরা পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অপর্ণা।
চলচ্চিত্রের পাশাপাশি দীর্ঘদিন ‘সানন্দা’ পত্রিকার সম্পাদনার দায়িত্বও পালন করেছেন তিনি। ১৯৮৭ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
‘মিস ক্যালকাটা’ পরিচয় থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত নির্মাতা হয়ে ওঠা, অপর্ণা সেনের দীর্ঘ পথচলা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়।
