সাতক্ষীরার শ্যামনগরে মাদকের টাকার জন্য সৃষ্ট বিরোধের জেরে যুবকের এলোপাতাড়ি দায়ের কোপে সুধা রানী ম-ল (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারী যুবকের নিজের মা ও কাকার ছেলে গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার সকালে শ্যামনগর পৌর সদরের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাদকাসক্ত যুবকের নাম রমেশ ম-ল (২৮)। তিনি বাদঘাটা গ্রামের সিদাম চন্দ্র ম-লের ছেলে। নিহত সুধা রানী ম-ল সম্পর্কে তার কাকি। এছাড়া আহতরা হলেনÑ অভিযুক্তের মা কমলা রানী ম-ল (৫০) এবং কাকার ছেলে সমীর কুমার ম-ল (২৮)।
নিহতের চতুর্থ শ্রেণি পড়ুয়া নাতনি রিয়া রানী হিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠেই মাদক কেনার টাকার জন্য মায়ের কাছে বায়না ধরে রমেশ। টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে তার মা কমলা রানী তাকে কাজে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রমেশ ধারালো দা নিয়ে নিজের মাকে ধাওয়া করে।
এ সময় মায়ের চিৎকার শুনে প্রতিবেশী ও স্বজনরা এগিয়ে আসেন। বাধা দিতে গেলে উন্মত্ত রমেশ তার কাকি সুধা রানীর ওপর হামলা চালায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই সুধা রানীর মৃত্যু হয়। এরপর মায়ের রক্ষার্থে এগিয়ে এলে রমেশ তার নিজের মা কমলা রানী ম-ল ও কাকার ছেলে সমীর ম-লকেও এলোপাতাড়ি কোপে গুরুতর জখম করে।
স্থানীয়রা এদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সমীর কুমার ম-লকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কমলা রানী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শ্যামনগর থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত ঘাতক রমেশ ম-লকে আটক করে।