আজকাল ওয়েবডেস্ক: নিউটাউন সিটি সেন্টার লাগোয়া বাগুইআটির আটঘরা পূর্বপাড়া এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ২০ থেকে ২৫টি ঝুপড়ি ঘর।
শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিক ভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার ফেটেই এই আগুন লেগে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিশ। বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, নবমীর ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে কলকাতার বাঘাযতীন বাজারের প্রায় ৪৫টি দোকান। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ এই ঘটনা ঘটে। দুর্গাপুজো থেকে ভাইফোঁটা- উৎসবের মরশুমের ব্যবসায়ীরা দোকানে প্রচুর জিনিস মজুত করেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গিয়েছে।
খবর পেয়ে দমকলের ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া অংশের বেশিরভাগই মুদির দোকান ছিল বলে জানা গিয়েছে।
এদিকে, দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, আগুন লাগার পর প্রথমে মাত্র একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বাকি ইঞ্জিনগুলি পৌঁছতে প্রায় ৩৫ মিনিট দেরি করায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
