চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণালংকারসহ মো. শরীফ নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ শাখা জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটে আসা ওই যাত্রীর সন্দেহজনক গতিবিধি দেখে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা ও কাস্টমস যৌথভাবে তল্লাশি চালায়। এ সময় তাঁর হ্যান্ডব্যাগ ও পরনের পোশাক থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
আটক মো. শরীফের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তিনি ‘মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলা’র সদস্য বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
উদ্ধার করা স্বর্ণের বিপরীতে রাজস্বের পরিমাণ ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে।
স্বর্ণ চোরাচালান ও বৈদেশিক মুদ্রা পাচার রোধে বিমানবন্দরের গোয়েন্দা সংস্থা, কাস্টমস ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরদারি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
