Published : 16 Oct 2026, 08:05 PM
Updated : 16 Oct 2026, 08:05 PM
চট্টগ্রামে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা ঘুরে দেখলেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
মহানবমীর দিন মঙ্গলবার বিকালে নগরীর রহমতগঞ্জের জে এম সেন হলে পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। তার আগে শুক্রবার বিকালে সেখানকার আয়োজন ও কর্মকাণ্ড ঘুরে দেখার পাশাপাশি পূজা উদযাপন পরিষদ নেতাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
মেয়র বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।”
পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূজামণ্ডপ পরিদর্শনে এসে প্রধানমন্ত্রী আলোচনাসভায় অংশ নেবেন। সব মিলিয়ে এক ঘণ্টার মত তিনি থাকতে পারেন।”
তিনি বলেন, “ইতোপূর্বে জে এম সেন হলের দুর্গাপূজায় কখনো কোনো সরকারপ্রধান পরিদর্শনে আসেননি। এই প্রথম কোনো প্রধানমন্ত্রী পূজা পরিদর্শনে আসছেন। এতে আমরা খুবই আনন্দিত।
“উনাকে স্বাগত জানাতে আমরা আগ্রহ নিয়ে অপেক্ষায় আছি। আশা করি সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করতে পারব।”
১৯১৯ সালে নির্মিত টাউন হলটি ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা যাত্রা মোহন সেনগুপ্তের মৃত্যুর পর তার নামানুসারে জে এম সেন হল নামে পরিচিতি পায়।
ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলন, আসাম-বেঙ্গল রেলওয়ের আন্দোলন, চা শ্রমিকদের মুল্লুক চলো আন্দোলন, চট্টগ্রাম যুব বিদ্রোহ, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত টাইন হলটি শতবর্ষের স্মৃতি নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। সেখানে দুর্গাপূজাসহ হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন পূজা ও উৎসবের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন হয়।
