কাজ খুঁজছেন অনিতা কানওয়াল?ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
টেলিভিশন ও হিন্দি ছবির দুনিয়ায় দীর্ঘ কয়েক দশক ধরে কাজ করেছেন তিনি। অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় ধারাবাহিকে, পাশাপাশি বড় পর্দাতেও দেখা গিয়েছে তাঁকে। শাহরুখ খানের সঙ্গে ‘কভি হাঁ কভি না’-র মতো ছবিতেও কাজ করেছেন। অথচ কেরিয়ারের এতগুলো বছর পেরিয়ে আজ নতুন কাজের অপেক্ষায় প্রবীণ অভিনেত্রী অনিতা কানওয়াল। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর আর্থিক সঞ্চয় একেবারে তলানিতে। তাই হন্যে হয়ে কাজ খুঁজছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন অনিতা কানওয়াল। অভিনেত্রী জানিয়েছেন, তাঁর সন্তানরা আর্থিক ভাবে তাঁকে সাহায্য করতে প্রস্তুত। কিন্তু তিনি চান না, তাঁদের উপর নির্ভরশীল হয়ে পড়তে।
অনিতা জানিয়েছেন, তাঁর নিজের বাড়ি রয়েছে। বাড়িটি তৈরি করতে তাঁর বাবা-মায়ের অবদান যেমন রয়েছে, তেমনই নিজের উপার্জন ও ঋণের সাহায্যেও বাড়ির খরচ সামলেছেন তিনি। কিন্তু বাড়ি ছাড়া তাঁর সম্পত্তি বলতে বিশেষ কিছু নেই। হাতে থাকা সঞ্চয়ও আর এক বছরের মধ্যে শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অভিনেত্রী। তাই নতুন কাজ পাওয়া এখন তাঁর কাছে জরুরি।
অনিতা জানিয়েছেন, ভবিষ্যতে আরও ১০-১২ বছর বা তার বেশি দিন বেঁচে থাকলে কী ভাবে নিজের খরচ চালাবেন, সেই চিন্তাও তাঁকে ভাবাচ্ছে। সন্তানরা পাশে থাকতে চাইলেও তাঁদের কাছ থেকে টাকা নিতে চান না তিনি। বরং এমন অবস্থায় থাকতে চান, যাতে প্রয়োজন হলে নিজেই অন্যকে সাহায্য করতে পারেন।
