কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সম্মতি ছাড়া মানুষের অন্তরঙ্গ ছবি তৈরির অ্যাপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে অ্যাপল।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপ স্টোরে অ্যাপ প্রকাশের নিয়মে পরিবর্তন এনেছে আইফোন নির্মাতা। নতুন নিয়মে এ ধরনের অ্যাপ নিষিদ্ধ করার বিষয়টি আরও স্পষ্টভাবে তুলে ধরেছে অ্যাপল। পাশাপাশি, সম্মতি ছাড়া তৈরি যৌন আবেদনময় ছবি তৈরি ঠেকাতে অ্যাপ নির্মাতাদের সক্রিয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছে।
চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল গ্রক ব্যবহার করে সম্মতি ছাড়া যৌন আবেদনময় ডিপফেইক ছবি তৈরির জোয়ার তৈরি হয়েছিল। এসব ছবির মধ্যে অপ্রাপ্তবয়স্কদের ছবিও ছিল। এ নিয়ে সে সময় অ্যাপল ও গুগলের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা হয়েছে।
তবে, অ্যাপল তখন অ্যাপ স্টোর থেকে এক্স বা গ্রক অ্যাপ সরিয়ে নেয়নি। যদিও মার্কিন আইনপ্রণেতাদের কাছে কোম্পানিটি সে সময় বলেছে, গ্রককে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তারা।
গত জুনে অ্যাপলের বিশ্বব্যাপী ডেভেলপার সম্মেলনেও এ নিয়ে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। তারা অ্যাপলকে অ্যাপ স্টোর থেকে গ্রক, এক্স এবং মানুষের সম্মতি ছাড়া নগ্ন ছবি তৈরির সব অ্যাপ সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
এরপর জুলাইয়ে স্যান ফ্রান্সিসকোর সিটি অ্যাটর্নি অ্যাপলকে এ ধরনের ১৩টি অ্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে অ্যাপল ওই অ্যাপগুলো সরিয়ে নেওয়ার কথা নিশ্চিত করেছে।
শুক্রবার ঘোষিত নতুন নিয়মে অ্যাপল বলেছে, অ্যাপ স্টোরের অ্যাপগুলোর জন্য নির্ধারিত কনটেন্ট নিয়ন্ত্রণের শর্তের অংশ হিসেবে নির্মাতাদের অবশ্যই সম্মতি ছাড়া তৈরি যৌন ছবি ঠেকাতে এবং সেগুলো সরিয়ে দিতে সক্রিয় ব্যবস্থা নিতে হবে।
অ্যাপল বলেছে, অ্যাপ নির্মাতারা যথাযথ সুরক্ষাব্যবস্থা নিতে ব্যর্থ হলে অথবা নিয়ম লঙ্ঘনের বিষয়ে নোটিশ পাওয়ার পরও সমস্যার সমাধান না করলে তাদের অ্যাপকে স্টোর থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
নতুন নিয়মে এমন অ্যাপের বিষয়টিও আরও স্পষ্ট করেছে অ্যাপল, যেগুলো প্রথমে এক ধরনের সুবিধার কথা জানিয়ে অনুমোদন নেয়, কিন্তু পরে সেই সুবিধা বদলে ফেলে বা নতুন কিছু যোগ করে। এ ধরনের কৌশলকে ‘বেইট অ্যান্ড সুইচ’ বলা হয়। অনুমোদন পাওয়ার পর অ্যাপে মানুষের পোশাক সরিয়ে নগ্ন ছবি তৈরির সুবিধা যোগ করাও এর মধ্যে পড়তে পারে।
এ ছাড়া মানব পাচার বা শিশু নিপীড়ণে সহায়তা করে, এমন অ্যাপের বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নিয়েছে অ্যাপল। কোম্পানিটি বলছে, এ ধরনের অ্যাপ অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হবে এবং বিকল্প উপায়ে অ্যাপ বিতরণের সুযোগ থেকেও সেগুলোকে আটকে দেওয়া হবে।
নতুন নিয়মের মাধ্যমে অ্যাপল মূলত অ্যাপ নির্মাতাদের ওপর কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ক্ষতিকর ছবি নিয়ন্ত্রণের দায়িত্ব আরও স্পষ্টভাবে চাপিয়েছে। একই সঙ্গে নিয়ম ভাঙলে অ্যাপ স্টোরে অ্যাপ রাখার সুযোগ হারানোর ঝুঁকিও তুলে ধরেছে কোম্পানিটি।
