বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকা পঞ্চম
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণে পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় ঢাকার বায়ুমান সূচক ছিল ১৭৩, যা এ মাত্রার বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ঢাকার ৯ স্থানে আজ বায়ুদূষণের মাত্রা অনেক বেশি। একটি স্থানে মাত্রা খুব অস্বাস্থ্যকর।
তালিকায় প্রথম স্থানে থাকা মালয়েশিয়ার কুচিং শহরের স্কোর ছিল ২১০ ও দ্বিতীয় স্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ছিল ১৯১।
ঢাকার বাতাসে প্রধান দূষক ছিল অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। এর ঘনত্ব ছিল প্রতি ঘনমিটারে ৮৮ দশমিক ৫ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিত মানের প্রায় ১৭ গুণ বেশি। ঢাকার ১২টি পর্যবেক্ষণকেন্দ্রের তথ্যের ভিত্তিতে এ হিসাব দিয়েছে আইকিউএয়ার।
ঢাকার পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে শীর্ষে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ, স্কোর ২০১। বায়ুর মান ২০০’র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর ধরা হয়। আজ রাজধানীর দূষিত এলাকাগুলোর মধ্যে আছে গুলশান লেক পার্ক (১৮৬) আগারগাঁওয়ের বিআইডিএস কার্যালয় (১৭৯), বারিধারা লেক সাইড (১৭৯), বারিধারা পার্ক রোড (১৭৭), বেচারাম দেউড়ি (১৭৬), ইস্টার্ন হাউজিং (১৭৩), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৯) এবং একই এলাকার বেইজ এজ ওয়াটার (১৬৫)।
আজ ঢাকার বাইরের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি দূষণ রাজশাহীতে, স্কোর ১৬৯। অন্য শহরগুলোর মধ্যে খুলনায় ১৬৪, রংপুরে ১৫৭, ময়মনসিংহে ১৫৫, বরিশালে ১৫১, চট্টগ্রামে ১৪২ ও সিলেটে ১১২ স্কোর।
আইকিউএয়ারের এই সূচক তাৎক্ষণিক বায়ুমানের ভিত্তিতে তৈরি করা হয়। ফলে সময়ের সঙ্গে শহরগুলোর অবস্থান ও দূষণের স্কোর পরিবর্তিত হতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
