এইচ এ শরীফ, বোরহানউদ্দিন ॥
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. বজলুর রহমানকে বদলি করা হয়েছে। ১৪ অক্টোবর ২০২৬ তারিখে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাঁকে সাচড়া ইউনিয়ন ভূমি অফিস থেকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এর আগে সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে খতিয়ানের তথ্য সরবরাহের নামে অর্থ দাবি ও গ্রহণের অভিযোগ ওঠে ওই কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল ও সংবাদ প্রকাশিত হয়।
অভিযোগকারী সবুজ মুসলমানের দাবি, খতিয়ানের তথ্য সংগ্রহ করতে গিয়ে তাঁকে একাধিকবার টাকা দিতে হয়েছে। এ ঘটনায় সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায় এবং সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগও সামনে আসে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তার বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। অন্যদিকে, তাঁর ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিব অভিযোগকারীর কাছ থেকে ৩০০ টাকা নেওয়ার কথা স্বীকার করে দাবি করেন, এটি কোনো সরকারি ফি নয় এবং অভিযোগকারী খুশি হয়ে তাঁকে ওই টাকা দিয়েছেন।
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন ও সহকারী কমিশনার (ভূমি) মো. রিফাত হোসেন জানিয়েছিলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তাঁরা দেখেছেন এবং বিষয়টির জন্য তাকে শোকজ করা হয়েছে ও বিভাগীভাবে এখান থেকে তাকে বদলি করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ১৪ অক্টোবরের অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বজলুর রহমানকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাচড়া ইউনিয়ন ভূমি অফিস থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আদেশে তাঁকে ১৪ অক্টোবর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।