চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজাইপুর ক্লাব মোড় এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাসব্যাপী এ মানবিক ও সামাজিক কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী নিজেই আজাইপুর এলাকার বিভিন্ন বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের ঘরবাড়ির আঙিনা, ফুলের টব ও ছাদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করেন। কোথাও পানি জমে থাকতে বা মশার প্রজননস্থল দেখা গেলে তা দ্রুত অপসারণের পরামর্শ দেন তিনি। জেলা প্রশাসকের সরাসরি অংশগ্রহণ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
জানা গেছে, এ কার্যক্রম আগামী এক মাস ধরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় চলবে। মাসব্যাপী এ কর্মসূচির মধ্যে রয়েছে নির্দিষ্ট ড্রেন ও ঝোপঝাড়ে মশার ওষুধ ছিটানো, সচেতনতামূলক মাইকিং, স্কুল-কলেজে সচেতনতামূলক সেশন পরিচালনা এবং বাড়ি বাড়ি গিয়ে জমে থাকা পানির উৎস অপসারণ। এ ছাড়া যুব রেড ক্রিসেন্টের সদস্যরা দলগতভাবে ভাগ হয়ে প্রতিদিন বিভিন্ন পাড়া-মহল্লায় কাজ করবেন, যাতে পুরো পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনিসুর রহমান, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী আসাদ, সেক্রেটারি খাইরুল ইসলাম এবং ইউনিট লেভেল অফিসার মাহামুদুর রহমানসহ অন্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সহযোগিতা লক্ষ্য করা গেছে।
