পর্যটন শিল্পের ক্ষতি এড়াতে সাজেকে দুই সংগঠনের ডাকা অনিদিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুদানের চেক বিতরণকালে তিনি বলেন, আসন্ন পুজার ছুটিতে পর্যটকেরা সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণে আসতে না পারলে স্থানীয় পর্যটন খাতে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। পর্যটকরা যাতে নিবিঘ্নে ভ্রমণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে প্রায় ৬৮টি মন্দিরে ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। গত বছরের তুলনায় এবার সরকারি অনুদান বাড়ানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির পূজামণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিরা।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য এম এন আবছারসহ জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া শারদীয় দুর্গা পুজা উপলক্ষ্যে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
