গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও নগদ ১৬ হাজার ৫ টাকা জব্দ করা হয়।
রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাটবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এনামুল হক (৫০), অসিম কুমার সরকার (৫০) এবং মো. টুটুল সরকার (৫০)। তাঁরা সবাই সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ পাটবাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশের একটি পাটগুদামে অভিযান পরিচালনা করে পুলিশ। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার আসর চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার সময় তিনজনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল ইসলাম (৩৫) নামের অপর এক ব্যক্তি পালিয়ে যান।
অভিযানকালে জুয়ার আসর থেকে ৪ প্যাকেট নতুন তাস, ১০৫টি খোলা তাস এবং জুয়া খেলার নগদ ১৬ হাজার ৫ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, মাদকের পাশাপাশি জুয়া প্রতিরোধেও পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। জুয়া ও অন্যান্য যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
