১০০ মিটারের রাজা ইমরানুর, রানী শিরিন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার ১০০ মিটার স্প্রিন্টে পুরুষ ও নারী-দুই বিভাগেই সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের বিভাগে ইমরানুর রহমান এবং নারীদের বিভাগে শিরিন আক্তার জিতেছেন স্বর্ণপদক।
পুরুষদের ১০০ মিটার দৌড় ১০.৫৩ সেকেন্ডে শেষ করে সেরা হন ইমরানুর রহমান। তার সতীর্থ মোহাম্মদ ইসমাইল ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর তারেক রহমান।
নারীদের ১০০ মিটারে ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন শিরিন আক্তার। সেনাবাহিনীর শরীফা খাতুন ১২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় এবং নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন।
জয়ের পর নিজের সাফল্যের জন্য কোচ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার কথা তুলে ধরেছেন শিরিন। বলেছেন, ‘প্রথম স্থান অধিকার করতে পেরে অসাধারণ লাগছে।’
অ্যাথলেটদের পারফরম্যান্সের উন্নতির পাশাপাশি তাদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন ইমরানুর রহমান। তার বক্তব্য অনুযায়ী, অ্যাথলেটদের আবাসন, খাবার, পুষ্টি ও যাতায়াতের ব্যয় মেটাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। জেলা পর্যায় থেকে আরও বেশি অ্যাথলেটকে প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতেও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, মানসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও যাতায়াতের সুবিধা নিশ্চিত করা গেলে প্রতিযোগিতায় অ্যাথলেটদের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি জেলা পর্যায় থেকে নতুন প্রতিভা উঠে আসার পথও আরও সুগম হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
