নাইক্ষ্যংছড়িতে আনসার সদস্যের তথ্যে ২ হাজার পিস ইয়াবাসহ মোটরসাইকেল উদ্ধার
বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন আনসারের সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশরের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) বাইশারী বাজার এলাকায় পরিচালিত এই অভিযানে মাদক পাচার প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের তথ্যভিত্তিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজ রবিবার (১১ অক্টোবর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার এলাকায় একটি মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের বিষয়টি স্থানীয় আনসার সহকারী প্লাটুন কমান্ডার আবুল বশরের নজরে আসে। তিনি দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ আভিযানিক দল ওই মোটরসাইকেলটির গতিরোধ করার চেষ্টা করে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক গাড়িটি ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ১২৫ সিসি মডেলের একটি ডিসকাভার মোটরসাইকেল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অবৈধ পাচার প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক উদ্ধারের এই ঘটনা স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ নির্মূলের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
