জ্ঞানভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ক্যালকুলেটর ও ছাতা পুরস্কার হিসেবে বিতরণ করা হয়। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ১৫০ জন শিক্ষার্থীর হাতে পেনসিল বক্স উপহার তুলে দিয়ে তাদের পড়াশোনায় উৎসাহিত করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২০ সালে যাত্রা শুরু করা সামাজিক সংগঠন ‘আলোকিত নাপাইচন্ডি’ প্রতিষ্ঠার পর থেকেই দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। দুর্যোগকালীন খাদ্যসহায়তা, ঈদ উপহার বিতরণ, চিকিৎসাসেবা, শীতবস্ত্র বিতরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতিমধ্যে স্থানীয়বাসীর প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার প্রসারের পাশাপাশি মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে বর্তমানে একটি ব্লাড ব্যাংক গঠন এবং শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে সম্পৃক্ত করতে ‘স্টুডেন্ট উইং’ চালুর প্রক্রিয়া চলছে।
অনুষ্ঠানে চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারগিস আরা বেগম, কহিনুর বেগম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রামাণিক, রফিকুল ইসলাম গার্লস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ও চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সেক্রেটারি মো. খলিলুর রহমান এবং আলোকিত নাপাইচন্ডি পাঠাগারের সভাপতি ও যমুনা ব্যাংক পিএলসির সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট কে এম হাবিবুর রহমান বক্তব্য রাখেন।
এছাড়াও পীরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুইটি, পীরগাছা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য কাজল, গঙ্গাচড়ার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, মেটলাইফের ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ও সংগঠনের সহসভাপতি আক্তারুজ্জামান রিক্ত, চন্ডিপুর ঈদগাহ মাঠের সেক্রেটারি আহসান হাবীব এবং নোবেল রেসিডেনশিয়াল হাইস্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম উজ্জলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকদের প্রত্যাশা, এই পাঠাগারটি কেবল বই পড়ার স্থান হিসেবে সীমাবদ্ধ থাকবে না; বরং এটি নিয়মিত জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং ইতিবাচক কর্মকাণ্ডের একটি সম্মিলিত কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। মানুষের কল্যাণে নেওয়া এই ধরনের ক্ষুদ্র প্রয়াসই ভবিষ্যতে সমাজে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
