ঝালকাঠির কাঁঠালিয়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার মামলার আসামি নুরুল ইসলাম হাওলাদারের (৬০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা ও পারিবারিক মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
ঝালকাঠির কাঁঠালিয়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার মামলার আসামি নুরুল ইসলাম হাওলাদারের (৬০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ মহিষকান্দি গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নুরুল ইসলাম ওই গ্রামের মরহুম মমিন উদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন-চার বছর আগে ছোট ভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে নুরুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের বোন ফিরোজা বেগম কাঁঠালিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় প্রায় দুই বছর কারাভোগের পর এক বছর আগে জামিনে মুক্তি পান নুরুল ইসলাম।
স্বজনদের ভাষ্য, শুক্রবার (১৬ অক্টোবর) জমি বিক্রির উদ্দেশ্যে ফিরোজা বেগম নুরুল ইসলামের বাড়িতে যান। এ সময় মামলাটি তুলে নেওয়ার অনুরোধ জানালে ভাই-বোনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
স্বজনরা আরও জানান, শনিবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে কোনো এক সময় বাড়ির দক্ষিণ পাশে এক প্রতিবেশীর আমগাছের ডালে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন নুরুল ইসলাম বলে তাঁদের ধারণা। পরে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নুরুল ইসলামের ছেলে অটোচালক সাকিব হাওলাদার ও স্ত্রী পাখি বেগমের ধারণা, দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা ও পারিবারিক মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
