নিরাপদ খাদ্য নিশ্চিত করা, আমদানি করা খাদ্যশস্যের গুণগত মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণব্যবস্থার উন্নয়নে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে খাদ্যমন্ত্রী আমদানি করা চাল ও গমের মান পরীক্ষার সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম ও মোংলা বন্দরে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের কারিগরি সহযোগিতা দেওয়ার অনুরোধ জানান।
খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের আবহাওয়াগত বাস্তবতায় দীর্ঘমেয়াদে চাল ও গম সংরক্ষণে নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্যশস্য সংরক্ষণ প্রযুক্তি ও ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।
জবাবে মার্কিন রাষ্ট্রদূত নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে কারিগরি সহায়তার সম্ভাবনা বিবেচনার আশ্বাস দেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে গম আমদানি এবং চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে সরবরাহ সম্পন্ন হওয়ার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে কোনো সমস্যা না থাকায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেন।
বৈঠকে যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট, খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাক্ষাতে খাদ্য নিরাপত্তা, খাদ্যশস্যের মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
