ভোলার বোরহানউদ্দিনে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুই ভাই হলেন—তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আবদুল রহিম (৪০) ও রাকিব (৩০)। সামান্য আহত হয়ে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তাঁদের বাবা আলম বক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে সঙ্গে নিয়ে আলম বক্তার তাঁর শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটতে যান। কাজের একপর্যায়ে সেখানে একটি ছেঁড়া বৈদ্যুতিক তার দেখতে পেয়ে তা সরাতে যান বাবা আলম বক্তার। এ সময় তিনি বিদ্যুতায়িত হন। বাবাকে বাঁচাতে নিচে থাকা এক ছেলে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে বাঁচাতে গাছে থাকা অপর ভাই নিচে নেমে এলে দুই সহোদরই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। তবে আলম বক্তার সামান্য আহত হয়ে অলৌকিকভাবে বেঁচে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
