ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। আগের রাতে নুডলস খাওয়ার পর সকালে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন মহেশ (৩৭), তার স্ত্রী ললিতা (৩৫), দুই ছেলে লাড্ডু (১১) ও সাক্ষাৎ (৩) এবং মেয়ে মিষ্টি (৭)। রাবুপুরা এলাকার বাড়িতে তাদের মরদেহ পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে পুলিশ, অ্যাম্বুলেন্স, ফরেনসিক দল ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা তদন্ত করছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে খাবার খেয়ে ঘুমাতে যান। শনিবার সকালে এক শিশু পরীক্ষার জন্য ঘুম থেকে না ওঠায় বিষয়টি সামনে আসে।
প্রতিবেশীদের দাবি, সম্পত্তি নিয়ে পরিবারটিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মহেশের মা সম্পত্তি মেয়ের নামে লিখে দিয়েছিলেন এবং পরিবারটিকে বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন বলেও তারা অভিযোগ করেন। প্রতিবেশীদের দাবি, মেলায় ঘুরে ফেরার পর মহেশের মা নুডলস রান্না করে স্বামী-সন্তানদের খেতে দিয়েছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
পুলিশ জানিয়েছে, খাবারে কোনো বিষাক্ত পদার্থ ছিল কি না, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি
