‘সাইয়ারা’ ছবিতে জুটি বেঁধেছিলেন আহান পাণ্ডে ও অনীত পদ্দা। ২০২৫ সালে মুক্তি পাওয়া সেই ছবিই রাতারাতি পরিচিতি এনে দিয়েছিল দুই নবাগত অভিনেতাকে। তার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা কম হয়নি। এ বার অনীতের জন্মদিনে আহানের একটি আবেগঘন বার্তা সেই জল্পনাতেই নতুন করে ঘি ঢাললো।
সমাজমাধ্যমে অনীতের বেশ কিছু অদেখা ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন আহান। সেই সঙ্গে অভিনেত্রীকে ‘বিশ্বব্রহ্মাণ্ডের উপহার’ বলেও উল্লেখ করেছেন। আর তাতেই প্রশ্ন, তবে কি এ বার নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন এই দুই নবাগত তারকা?
মঙ্গলবার ছিল অনীতের জন্মদিন। বিশেষ দিনে সহ-অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ও ভিডিয়ো পোস্ট করেন আহান। সেখানে অনীতের বেশ কিছু ব্যক্তিগত মুহূর্ত ধরা পড়েছে। একসঙ্গে বেড়াতে যাওয়ার ছবিও রয়েছে সেই তালিকায়। আহান লিখেছেন, 'তুমি আসলে ব্রহ্মাণ্ডের উপহার, অনীত। তোমার ছোঁয়ায় সব কিছু যেন ধুলোয় পরিণত হয়। তুমি যেমন এই বিশ্বের প্রতি কোমল ও কমনীয়। এই বিশ্বব্রহ্মাণ্ডও যেন সব সময়ে তোমার প্রতি তেমনই কোমল থাকে। আর কখনও ভুলে যেয়ো না, তুমি কতটা আলো ছড়িয়ে দিতে পারো চারপাশে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।'
আহানের এই পোস্ট প্রকাশ্যে আসতেই মন্তব্যের বন্যা বয়ে যায়। কেউ তাদের সম্পর্কের ইঙ্গিত খুঁজেছেন, কেউ আবার অহানের লেখা প্রশংসা করেছেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন তুলছেন, 'তবে কি সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে নিলেন?'
পুরনো এক সাক্ষাৎকারে তাদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলো আহান। অভিনেতার কথায়, 'অনীত আমার সবচেয়ে ভাল বন্ধু। গোটা সমাজমাধ্যম মনে করে, আমরা সম্পর্কে রয়েছি। কিন্তু তা নয়। পর্দায় রসায়ন থাকলেই যে তা প্রেম হতে হবে, এমন নয়। একে অপরের সঙ্গে স্বচ্ছন্দ বোধ করা, নিরাপদ অনুভব করা এবং একে অপরের কাছে নিজেকে প্রকাশ করতে পারাটাও জরুরি। অনীত আমার প্রেমিকা না হলেও, ওর সঙ্গে আমার যে সম্পর্ক, তেমন সম্পর্ক আর কারও সঙ্গে কখনও হবে না।'
