মাদারীপুরের শিবচরে উত্তরাইল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি সব সময় শিক্ষাবান্ধব সরকার। যখনই দলটি ক্ষমতায় এসেছে, শিক্ষার উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। স্বাধীনতার পর এ বছর শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। তা ছাড়া সরকার ক্ষমতায় আসার মাত্র এক মাসের মধ্যেই নির্বাচনী ইশতেহারের বেশির ভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে।”
মাদারীপুর অঞ্চলের তরুণদের বিদেশে গমন প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “লিবিয়া হয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইতালি যাওয়ার সময় আমাদের অনেক তরুণের জীবনপ্রদীপ নিভে যায়। তাঁদের লাশ হয়ে দেশে ফিরতে হয়। এটি কোনোভাবেই কাম্য নয়। অর্থের চেয়ে একটি জীবনের মূল্য অনেক বেশি। তাই আমি সবাইকে অবৈধ পথে না গিয়ে বৈধ উপায়ে বিদেশ যাওয়ার আহ্বান জানাই।”
শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে সংসদ সদস্য আরও বলেন, “তোমরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তাহলে ভবিষ্যতে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে দেশসেবার সুযোগ পাবে।”
সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব সামাজিক অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা চৌধুরী, শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্যসচিব মো. সোহেল রানা।
এ সময় অন্যান্য বক্তাও মাদক, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও ভূমিদস্যুতার ভয়াবহতা তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
The post মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এমপি জাহান্দার আলী মিয়া appeared first on Dhaka Protidin.
