প্রকাশিত: ১৩:২৫, ১৬ অক্টোবর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আম বাগান থেকে উদ্ধার করা ককটেল
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, বিপুল পরিমাণ গান পাউডার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাত ২টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা এলাকার আম বাগান থেকে এসব বিস্ফোরক ও অস্ত্র জব্দ করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ওই আম বাগানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১.৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ বস্তু, দুটি হাসুয়া এবং ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়। পরবর্তীতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সহযোগিতায় নিরাপদে ককটেলগুলো নিষ্ক্রিয় ও উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক দ্রব্য আম বাগানে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক ধারণ করা হচ্ছে। উদ্ধারকৃত ককটেল, গান পাউডার ও অন্যান্য সরঞ্জামাদি চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
