নারায়ণগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ৩ জন, অন্যান্য ধারায় ৩ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন।
রোববার (১১ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ১১০ পিস ইয়াবা, ৭৪ বোতল ফেয়ারডিল ও এক কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ছাড়া সোনারগাঁ থানা পুলিশ ১৩০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তার করে। ফতুল্লা মডেল থানা পুলিশ দুই মাদকসেবী ও চার পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী চারজন ছাড়াও নয়জন মাদকসেবী, একজন পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে।
বন্দর থানা পুলিশ চার মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি ও অন্যান্য ধারায় তিনজনসহ আটজনকে গ্রেপ্তার করে।
সোনারগাঁ থানা পুলিশ তিন মাদক ব্যবসায়ী, ১৯ মাদকসেবী, দুই পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করে।
এদিকে, রূপগঞ্জ থানা পুলিশ সাত মাদকসেবী ও দুই পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে এবং আড়াইহাজার থানা পুলিশ পরোয়ানাভুক্ত একজনকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
