মাদক বিক্রেতা ও সেবনকারীদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করতে হবে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিহত করা না গেলে সমাজকে এগিয়ে নেওয়া যাবে না, পাশাপাশি ধ্বংস হয়ে যাবে আগামী প্রজন্ম।
‘মাদককে না বলি’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ষোলঘর মৃধাবাড়ি ঈদগাহ মাঠে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় বক্তারা এ কথা বলেন।
বিজ্ঞাপন
সভায় প্রধান আলোচক ছিলেন আসন্ন চরকালেখান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও সাংবাদিক মো. নুরুল হক খান। তিনি বলেন, আমি মাদকের বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। মাদক ও জুয়ামুক্ত চরকালেখান ইউনিয়ন পরিষদ গঠনই তার মূল লক্ষ্য বলে জানান তিনি।
মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চরকালেখান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান মালেক সরদার, আ. রব, গিয়াস উদ্দিন খান, মোশাররফ হোসেন ঢালীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
