স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে সোবহানীঘাট পয়েন্টের আরাফাত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর যতরপুরের হীরা মিয়ার কলোনীর মো. জানু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫), মিরাবাজার উদ্দীপনের মো. ঈমান আলীর ছেলে মো. কামাল মিয়া (৩৭), সুনামগঞ্জের শাল্লা থানার ইসলামপুর (শ্রীহাইল) গ্রামের মো. তুরাব আলীর ছেলে মো. নুর আলম (৩৯) ও সুনামগঞ্জ সদর থানার বালিকান্দি গ্রামের আব্দুস সোবহানের ছেলে মো. গোলাম হোসেন (৪২)। তারা সকলেই বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করছেন।
সোমবার (১২ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়ার অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
