কালবেলা · general
চিঠিতে শিক্ষক নিপীড়নের ইঙ্গিত, জাবি শিক্ষার্থী নিখোঁজ
১১/১০/২০২৬

কক্ষে একাধিক ‘সুইসাইড নোট’ রেখে হঠাৎ নিখোঁজ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মুহাইমিনুল ইসলাম। এ নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন সহপাঠীরা। পরে তার কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পাওয়া যায় বলে জানিয়েছেন সহপাঠীরা। চিঠিগুলোতে শিক্ষক নিপীড়নের ইঙ্গিত, হতাশা, পারিবারিক এবং নিজের জীবন নিয়ে চরম হতাশার বিষয়গুলো পাওয়া গেছে বলে তারা জানান।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী একজন শিক্ষার্থী বলেন, ‘বিকেল থেকে মুহাইমিনকে পাওয়া যাচ্ছে না। এরপর তার রুমে গিয়ে হাতে লেখা চিঠি পাওয়া যায়। এরপর থেকে আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
বিভাগের কোনো শিক্ষকের সঙ্গে মুহাইমিনের বিরোধ বা সমস্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো সমস্যার কথা জানি না। তবে চতুর্থ বর্ষের একটি কোর্সে তার ফেল এসেছিল। এ কারণে চলতি বছর ওই কোর্সের রিটেক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পাশাপাশি তিনি প্রায় ছয় মাস ধরে মাস্টার্সের ক্লাসও করছিলেন।’
তিনি আরও বলেন, ‘সম্ভবত এক-দুই দিন আগে তাকে জানানো হয়েছে যে চতুর্থ বর্ষের সবগুলো বিষয়ের পরীক্ষা আবার দিতে হবে। বিষয়টি তাকে মানসিকভাবে কতটা প্রভাবিত করেছে, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।’
এ বিষয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, ‘আমরা বিষয়টি জানার পরপরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তাকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’
মূল প্রতিবেদনে যান ↗