উখিয়া সীমান্তে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
কক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে ইয়াবা আনার সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে পালংখালী সীমান্তে এ অভিযান চালানো হয়। আটক যুবকের নাম নবী হোসেন (২৮)। তিনি উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. কাসেম।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমারের দিক থেকে এক ব্যক্তিকে হাতে পোটলা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয় টহল দলের সদস্যদের।
বিজিবি সদস্যরা তাঁকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। তাঁর হাতে থাকা পোটলা তল্লাশি করে পাঁচটি নীল রঙের কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বিজিবির ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহনের কথা স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।
