ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে সোয়া তিন ঘণ্টা আটকে থাকার পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
এর আগে, বিকেল ৪টায় ট্রেনটির ঢাকা অভিমুখে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি ট্রেনটি। এতে স্টেশনে আটকে থেকে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান।
তিনি জানান, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি প্ল্যাটফর্মে সোয়া তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে উদ্ধারকারী আরেকটি ইঞ্জিন এনে ট্রেনটির যাত্রা শুরু করা হয়।
