কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র্যালি, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পবিষয়ক মহড়া এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ বছরের দিবসের প্রতিপাদ্য ছিল—‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা আকতার। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলাও বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এনজিওকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আখতারুজ্জামান সওদাগরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি দল অগ্নিনির্বাপণ ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করে।
মহড়ায় অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় সম্পর্কে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এতে উপস্থিত শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করে এবং মহড়া পরিচালনায় সহযোগিতা করে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
The post ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on ভোরের চেতনা.
