হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড গঠন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে ধর্মমন্ত্রীর নেতৃত্বে গঠিত নতুন বোর্ডের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আগের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ও সদস্যদের অব্যাহতি দিয়ে গত ২ সেপ্টেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন বোর্ড গঠন করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। এতে পদাধিকারবলে ধর্মবিষয়ক মন্ত্রী ট্রাস্টের চেয়ারম্যান হন। এছাড়া সংসদ সদস্য নিপুন রায় চৌধুরী ও সংসদ সদস্য সুবর্ণা সিকদারকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং তপন চন্দ্র মজুমদারকে সদস্য ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পদাধিকারবলে নিযুক্ত ট্রাস্টি ছাড়া অন্য ট্রাস্টিদের মেয়াদ হবে তিন বছর। তবে নতুন ট্রাস্টি নিয়োগ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে সরকার যে কোনো সময় অন্য ট্রাস্টিদের পরিবর্তন করতে বা তাদের পদ শূন্য ঘোষণা করতে পারবে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আগের কমিটির ট্রাস্টি দীপক কুমার পালিত। গত ১৩ অক্টোবর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নতুন বোর্ড গঠনের প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন ধর্মসচিব।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, ২০২৪-২৫ সালে একটি কমিটি গঠন করা হয়েছিল। তবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আইনে সরকারকে প্রয়োজন অনুযায়ী ট্রাস্টি পরিবর্তন ও ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করেছেন। ফলে গত ২ সেপ্টেম্বর গঠিত নতুন বোর্ড কার্যকর থাকবে এবং তারা স্বাভাবিকভাবে ট্রাস্টের কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বিজ্ঞাপন
এফএইচ/একিউএফ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
