ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আম্বর আলী শাহ মাজারের মূল ফটকের তালা ভেঙে দানবাক্সের আনুমানিক এক লাখ টাকা, আটটি কাঁসার পাতিল ও বিভিন্ন আসবাবপত্র চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া মালামালের আনুমানিক মোট মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা থেকে বুধবার সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর এলাকার আম্বর আলী শাহ মাজারে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মাজার পরিচালনা কমিটির সহসভাপতি এটিএম বাক্কী।
থানায় দেওয়া লিখিত অভিযোগে এটিএম বাক্কী উল্লেখ করেন, মঙ্গলবার রাতে মাজারের ভেতর ও চারপাশ দেখে মূল ফটকে তালা লাগিয়ে চলে যান তিনি। বুধবার সকালে মাজারে গিয়ে দেখেন, মূল ফটকের তালা ভাঙা এবং সামনের দরজা খোলা। পরে আশপাশের লোকজনকে ডেকে এনে মাজারের ভেতরে ও চারপাশে খোঁজাখুঁজি করেন।
তখন মাজারে থাকা টাকা ও বিভিন্ন মালামাল চুরি হওয়ার বিষয়টি সামনে আসে।
অভিযোগ অনুযায়ী, চোরেরা মাজারের দানবাক্স থেকে আনুমানিক এক লাখ টাকা, ২০ হাজার টাকা মূল্যের ৮টি কাঁসার পাতিল এবং প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন আসবাবপত্র নিয়ে গেছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার টাকা।
অভিযোগকারী বাক্কী জানান, ঘটনার পর আশপাশের এলাকায় খোঁজখবর নিয়েও সন্দেহভাজন কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে তিনি বাঞ্ছারামপুর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন বলেন, মাজারে চুরি হওয়ার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
